জীবননগর অফিস:
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও বিধবা পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশন”। মানবিক এই উদ্যোগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে খুশি স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলো।
শুক্রবার জুমার নামাজের পর সংগঠনের একদল তরুণ স্বেচ্ছাসেবী দুর্গম এলাকায় পায়ে হেঁটে গিয়ে প্রায় ৪০টি অসহায় ও বিধবা পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেন ঈদ উপহার সামগ্রী। তীব্র গরম ও রোজার ক্লান্তি উপেক্ষা করে তাদের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়। ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সংগঠনের স্থায়ী কমিটির সদস্য বিক্রম হোসাইন বলেন,ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে,সেই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই সমাজের প্রতিটি ঘরে ঈদের খুশি পৌঁছে যাক।
তিনি আরও জানান, বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এ জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা তরুণদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এই ধরনের কার্যক্রম সমাজের অন্য যুবকদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।