জীবননগর অফিস:
জীবননগরে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত জীবননগর’। উপজেলা অডিটোরিয়ামে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠক ইমন মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোর্তজা, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান, সহকারী অধ্যাপক আল হাসান মো. আব্দুস সালাম ও খাইরুল বাশার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আব্দুল আল মাবুদ শিহাব এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সানজিদা পারভীন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটি শেষ নয়; বরং নতুন সম্ভাবনার সূচনা। তাই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, ‘আলোকিত জীবননগর’ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং পেশাজীবীদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা শিক্ষা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।