জীবননগর ধোপাখালীতে শিক্ষককে রাজকীয় ও ব্যতিক্রমধর্মী বিদায় এলাকাজুড়ে প্রশংসা

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকীকে অবসর উপলক্ষে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থী,সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন।

রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
বিদায়ী বক্তব্যে মো. মিজানুর রহমান লাকী বলেন, তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিক থাকার চেষ্টা করেছেন। বিদ্যালয় ও এলাকার মানুষের ভালোবাসা তিনি স্মরণে রাখবেন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মিজানুর রহমান লাকী শুধু একজন শিক্ষক নন,তিনি শিক্ষার্থীদের নৈতিকতা,শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান শিক্ষার্থী ও এলাকার মানুষ দীর্ঘদিন স্মরণে রাখবে।
সংবর্ধনা শেষে তাকে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় পথের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা তাকে শুভেচ্ছা জানান। ব্যতিক্রমধর্মী এই আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
উল্লেখ্য, মো. মিজানুর রহমান লাকী ২০০৩ সালে ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০২৬ সালে অবসরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *