শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি বাওড়ে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। তিনি নওগাঁ জেলার বাসিন্দা এবং ঝিনাইদহ পুলিশ লাইন্সের মোটরযান শাখায় ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইন্স থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাকিল আহম্মেদ, কনস্টেবল আরিফ হোসেন মুন্সী এবং চালক আশিক আহম্মেদসহ একটি দল সরকারি ডাবল কেবিন পিকআপে করে দাপ্তরিক কাজে মহেশপুর থানায় আসেন। নির্ধারিত কাজ শেষ করে বিকেল আনুমানিক ৩টার দিকে তারা পাশের নস্তি বাওড়ে ছিপ দিয়ে মাছ ধরতে যান।
মাছ ধরার একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ আশিক আহম্মেদকে একটি বিষধর সাপ কামড় দেয় বলে সহকর্মীরা জানান। ঘটনাস্থলে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
নস্তি গ্রামের প্রত্যক্ষদর্শী নিত্য হালদার ও নায়েব আলী জানান, কয়েকজন পুলিশ সদস্য বাওড়ে মাছ ধরছিলেন। এসময় হঠাৎ একজন চিৎকার দিলে তারা এগিয়ে গিয়ে দেখেন, তার পায়ে সাপের কামড়ের চিহ্ন রয়েছে এবং তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবিবুর রহমান বলেন, “রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার পায়ে সাপের কামড়ের স্পষ্ট চিহ্ন ছিল এবং শরীরের কিছু অংশে নীলাভ ভাব লক্ষ্য করা গেছে। প্রাথমিকভাবে এটি সাপে কাটার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দাপ্তরিক কাজ শেষে পুলিশ সদস্যরা নস্তি বাওড়ে যান। সেখানে নামার কিছুক্ষণ পর আশিক আহম্মেদ অসুস্থ হয়ে পড়েন। সাপের কামড়ের সম্ভাবনা রয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।”
ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ থেকে পুলিশের একটি বিশেষ গাড়ি এসে হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করে। এ ঘটনায় পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মধ্যে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, স্থানীয়দের মধ্যে বাওড় এলাকায় বিষধর সাপের উপস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।