নাটোরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা , ছেলে আটক ফাঁসির দাবি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:

নাটোর সদর উপজেলার হাশেমপুর এলাকায় মহরম আলী নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ মার্চ) ভোরে হাশেমপুর এলাকার ঢাকাপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়।এর আগে মঙ্গলবার ভোরের দিকে হাশেমপুর এলাকায় নিজ বাড়িতে মহরম আলীকে হত্যার ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মহরম আলীর চিৎকার শুনে লোকজন ছুটে গিয়ে তাকে গুরুতর জখম অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সিয়ামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুন্না বিশ্বাস জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *