জীবননগরে ‘আজকের চুয়াডাঙ্গা’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জীবননগরে পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির।
আলোচনা সভায় প্রধান অতিথি শাহজাহান কবির বলেন, “সমাজের বাস্তব চিত্র ও মানুষের জীবনযাত্রার প্রতিফলন আমরা মূলত পত্রিকার মাধ্যমেই জানতে পারি। একটি দায়িত্বশীল সংবাদপত্রের প্রধান কাজ হলো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা।” তিনি আশা প্রকাশ করে বলেন, “দৈনিক আজকের চুয়াডাঙ্গা ভবিষ্যতেও সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশের মাধ্যমে জীবননগরবাসীর আস্থা অর্জন করবে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক ও সাধারণ সম্পাদক রিপন হোসেন। তারা পত্রিকাটির অগ্রযাত্রার প্রশংসা করে এর ধারাবাহিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন জোয়াদ, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সহকারী ব্যুরো প্রধান (জীবননগর) তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার ওমর ফারুক,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক আমিনুর রহমান নয়ন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন এবং দ্য মুসলিম টাইমসের জীবননগর প্রতিনিধি আজিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *