কালীগঞ্জে আকাশ থেকে পড়ল বিশালাকৃতির রহস্যময় শিলা খণ্ড, এলাকা জুড়ে তোলপাড়

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
​ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের পার’ ক্ষিদ্দা গ্রামে আকাশ থেকে পড়া বিশালাকৃতির এক শিলাখণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি বেগুন ক্ষেতে পাওয়া যাওয়া এই শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণ (৪০ কেজি) বলে ধারণা করা হচ্ছে। অদ্ভুত এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত উৎসুক জনতা পারক্ষিদ্দা গ্রামে ভিড় জমাচ্ছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বিকট শব্দে আকাশ থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান গ্রামবাসী। তবে অন্ধকারের কারণে তখন কেউ বিষয়টি গুরুত্ব দেননি। পরদিন রবিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে জনৈক কৃষকের বেগুন ক্ষেতে বিশাল এই সাদা রঙের শিলাখণ্ডটি পড়ে থাকতে দেখেন।

​শিলাখণ্ডটি উদ্ধারের সময় প্রত্যক্ষদর্শীরা বিস্ময় প্রকাশ করেন, স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ জানান:
​”আমরা রাতে একটা অদ্ভুত গর্জন শুনেছিলাম। সকালে মাঠে এসে দেখি বিশাল এক বরফের চাকা পড়ে আছে। প্রথমে দেখে ভয় পেয়েছিলাম, পরে কাছে গিয়ে দেখি এটা আস্ত একটা শিলাখণ্ড।”
​আরেক প্রত্যক্ষদর্শী মো. সোলেমান দাবি করেন:
​”শনিবার রাতে যখন এটা পড়েছে, তখন এর আকার ছিল আরও অনেক বড়। সারারাত মাঠে পড়ে থাকায় এবং রোদের তাপে অনেকটা গলে গেছে। সকালে যখন আমরা দেখি, তখনই এর ওজন প্রায় এক মণের মতো ছিল। না গলে থাকলে এর ওজন হয়তো কয়েক মণ হতো!”

​সাধারণত কালবৈশাখী ঝড়ের সময় বড় আকারের শিলাবৃষ্টি হলেও, আবহাওয়া শুষ্ক থাকা অবস্থায় এমন বিশালাকৃতির শিলাখণ্ড পড়ার ঘটনা বিরল। স্থানীয়দের অনেকে এটিকে অলৌকিক বা বিরল কোনো মহাজাগতিক ঘটনা হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটি বায়ুমণ্ডলের কোনো বিশেষ স্তরে জমে থাকা মেঘের ঘনীভূত অংশ হতে পারে, যা অভিকর্ষজ বলের কারণে নিচে আছড়ে পড়েছে।
​বর্তমানে শিলাখণ্ডটি গলে গেলেও গ্রামজুড়ে এখনো এটি নিয়ে আলোচনার শেষ নেই। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *