জীবননগর হাসাদহে ডিবি পুলিশের অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিল নামক মাদক ও প্রাইভেটকার জব্দ, গ্রেফতার দু’মাদককারবারী

জীবননগর অফিস:

 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মঙ্গলবার(৩১ মার্চ) সকাল ৬ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত দু’মাদক কারবারীসহ একটি প্রাইভেট কারও আটক করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোরে উপজেলার হাসাদহ বাজার এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান

পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তি জানতে পারেন দু’জন মাদক কারবারী একটি প্রাইভেট কার যোগে একটি বড় মাদকের চালান হাসাদহ বাজার থেকে ঢাকা অভিমুখে নেয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদহ বাজার নামক স্থানে সড়কে অভিযান পরিচালনা শুরু করেন।

অভিযানকালে একটি ‘এলিয়েন’ ব্র্যান্ডের প্রাইভেটকারকে সন্দেহ হলে থামার সংকেত দেয়া হয়। এসময় গাড়ির চালক পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। আটককৃতরা হচ্ছে-পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আরিফ হোসেন (৩৬) এবং  বাবু জমাদারের ছেলে জনি হোসেন (৪০)। পরে তাদের দেহ  ও গাড়ি তল্লাশি করে ৫৭৬ বোতল কথিত মাদকদ্রব্য,যা ফেয়ারডিল (FAIRDYL)’ নামে পরিচিত মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের বর্তমান বাজার মুল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় স্থানীয়দের দাবি ঘটনার সাথে হাসাদহ এলাকার একটি শক্তিশালী চক্র জড়িত। যারা অধিকাংশই রাজনৈতিক দলের ছত্রছায়ায় পরিচালিত। বিষয়টিতে পুলিশ প্রশাসন মাঠে তদন্তে নামলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রিপন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার ব্যাপারে মাদক আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে এলাকায় নিয়মিত অভিযান চলছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *