জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের মহানগর উত্তরপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে দুইজনের হামলার শিকার হয়েছেন একই পরিবারের তিনজন। আহতদের মধ্যে একজনের মাথায় কোপ লেগে গুরুতর জখম হয়েছে।ঘটনাটি শুক্রবার সকাল ৮ টার দিকে সংঘটিত হয়েছে।এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জীবননগর শহরের মহানগর উত্তরপাড়ার আব্দুল খালেকের ছেলে ভুক্তভোগী আশিকুর রহমান(২৫) জানান,তার পাওনা ৬ হাজার টাকা চাওয়ার ঘটনায় একই গ্রামের প্রতিপক্ষ সুরাত হোসনে(২৭) ও মোস্তাক হোসেন(৩০) তার ওপর ক্ষিপ্ত হয়। তারা শুক্রবার(৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে হাতে লোহার রড ও হাসুয়া নিয়ে আশিকুর রহমানের বাড়ীতে গিয়ে তাকে বেধড়ক মারপিট শুরু করে। তাদের হামলায় আশিকুর রহমান ছাড়াও তার ভাই আহসান ও ভাবী সাবিনা খাতুন আহত হন। অভিযোগ উঠেছে ঘটনার সময় আহত সাবিনার গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়া হয়েছে।
স্থানীয়দের দাবি পাওনা টাকার ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় আশিকুর রহমানের বেশী আহত হয়েছেন। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলে তারা জানান।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে।