জীবননগর সেনেরহুদায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের থানায় অভিযোগ

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা স্টেশনপাড়ায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মা অতিষ্ঠ হয়ে থানায় একটি লিখিত অভিযোগ  করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা স্টেশনপাড়ার মৃত কাশেম আলীর স্ত্রী সানোয়ারা খাতুনকে(৬০) তার মাদকাসক্ত ছেলে তিতুমীর(৩৫) দীর্ঘদিন ধরে নানা ভাবে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে মাদকাসক্ত এবং প্রায়ই তার নিকট টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে না পারলে তাকে মারধর ও বিভিন্ন ভাবে হয়রানি করা হয়।

একই ভাবে শুক্রবার সকাল ৮ টার দিকে মাদকাসক্ত তিতুমীর তার মায়ের নিকট টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তিতুমীর তাকে মারধর করে আহত করে এবং এক পর্যায়ে মাটিতে ফেলে গলায় পা দিয়ে শ্বাসরোধের চেষ্টা করে অভিযোগ ভুক্তভোগী মায়ের।এসময় লোকজন তাকে রক্ষা করেন।

প্রতিবেশীদের দাবি ভুক্তভোগীর ছেলে দীর্ঘদিনের মাদকাসক্ত। তবে বর্তমানে সে চরম পর্যায়ে পৌছে এবং বেপরোয়া হয়ে উঠেছে। ভুক্তভোগী এলাকার বিভিন্ন মানুষের বাড়ীতে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন। তিনি ছেলে তিতুমীরকে টাকা না দিলেই মারধর শুরু করে।

উথলী ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরমান হোসেন বলেন,ঘটনার ব্যাপারটি দু:খজনক। ঘটনার বিষয়ে আমি কোন কিছু শুনিনি। তবে জেনে শুনে করণীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন,ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *