ঝিনাইদহে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে ঝুলন্ত বিদ্যুতের তারে স্পর্শ, ঘটনাস্থলেই প্রাণহানি

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫) নামে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। রোববার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম একই গ্রামের মৃত আবু সামার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে রফিকুল সরকার নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যান। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাটি দেখে পাশের জমিতে কাজ করা তার ভাগ্নে নুর আলম দৌড়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, অসতর্কতার কারণে নিচু হয়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করায় এই দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মোটরের বিদ্যুতের লাইনে লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *