আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
দেশকে জানার অদম্য ইচ্ছা আর বর্তমান প্রজন্মকে সচেতন করার লক্ষ্য নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন ঝিনাইদহ জেলার এক তরুণ, আলিম দার। বিনা টাকায় দেশের ৬৪টি জেলা ভ্রমণের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছেন গত ২৮ মার্চ ২০২৬, চুয়াডাঙ্গা জেলা থেকে।
এই ভ্রমণের পেছনে রয়েছে একটি শক্তিশালী বার্তা। আলিম দার মনে করেন, বর্তমান প্রজন্ম ক্রমেই মোবাইল আসক্তির দিকে ঝুঁকে পড়ছে,যার ফলে তারা দেশ,সংস্কৃতি ও মানুষের সাথে সরাসরি সংযোগ হারাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে এসে তরুণদের বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাতেই তার এই উদ্যোগ।
আলিম দার জানান, “টাকা না থাকলেও ইচ্ছা থাকলে ভ্রমণ করা সম্ভব। আমি সেটাই প্রমাণ করতে চাই। দেশের ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত খাবার এবং সাধারণ মানুষের জীবনযাপন কাছ থেকে দেখাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, এই যাত্রাপথে তিনি ট্রাক, বাস এবং স্থানীয় মানুষের সহযোগিতায় এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন। অপরিচিত মানুষদের আন্তরিকতা ও সহমর্মিতাই তার এই পথচলার প্রধান শক্তি।
এই ভ্রমণের মাধ্যমে তিনি শুধু নিজের অভিজ্ঞতাই অর্জন করছেন না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সেসব অভিজ্ঞতা শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করছেন। তার আশা, তরুণরা মোবাইল স্ক্রিনের গণ্ডি থেকে বেরিয়ে এসে দেশকে জানার আগ্রহী হবে।
স্থানীয়রা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অনেকেই তার যাত্রায় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম বলে মনে করছেন সচেতন মহল।
আমাদের পক্ষ থেকে আলিম দারের এই সাহসী ও অনুপ্রেরণামূলক যাত্রার জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা। তার এই পথচলা সফল হোক এবং দেশের তরুণ সমাজকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করুক—এই প্রত্যাশা সবার