জীবননগর অফিস:
জীবননগরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে মেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। (১৩ এপ্রিল )সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমাবসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা সমবয় অফিসার নূর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে তোমরা ভবিষ্যতে দেশকে আরও উন্নত করতে পারবে।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।