স্টাফ রিপোর্টার:
জাতীয় পার্টির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা শনিবার সিরাজগঞ্জের ন্যাশনাল ফুড ভিলেজে অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মহানগরের দলীয় নেতারা অংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান এমরান হোসেন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি রুমন চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, খলিলুর রহমান খলিল, মাহমুদুর রহমান, মুশফিকুর রহমান রবি, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু ও শাহীন মোস্তফা ফারুক, তরুণ পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর শাওন এবং যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের।
এ সময় রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা দলীয় সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ, কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে মাঠপর্যায়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।