চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার সোনার বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন ৭০০ গ্রাম। বিজিবির নির্ধারিত হিসাবে, এসব স্বর্ণের আনুমানিক জব্দমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১.৩৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন মুন্সিপুর বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা যায়, হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে টহলদলটি সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে দবির উদ্দিনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *