ক্যানসারের সঙ্গে লড়াই ২৮ অক্টোবর দেশে ফেরার প্রত্যাশা—সবার কাছে দোয়া কামনা
জীবননগর অফিস:
চীনে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সহসভাপতি, জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও বিশিষ্ট ফল-সবজি চাষি চাষি রমজানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে আবারও প্রিয়জন, সহকর্মী ও পরিচিত মানুষের মাঝে ফিরে আসার প্রত্যাশা নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তিনি চীনের গুয়াংজুতে অবস্থিত মডার্ন ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ১ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটের ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন রমজান। বর্তমানে হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান পরিচালক উ ওয়েই (Wu Wei) এবং সহকারী চিকিৎসক ওয়াং জিয়েরুর (Wang Jieru) তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
রমজান ও তাঁর পরিবারের ভাষ্য অনুযায়ী, তাঁকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ‘মাইক্রো অ্যাবলেশন থেরাপি’ দেওয়া হচ্ছে, যা রোবটের সহায়তায় সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে আগামী ২৮ অক্টোবর দেশে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর। তবে দেশে ফেরার বিষয়টি চিকিৎসার অগ্রগতি ওচিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে।
চাষি রমজানের চিকিৎসার ইতিহাস বেশ দীর্ঘ। পরিবারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে টিউমারের অস্ত্রোপচারের পর তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পাশাপাশি কেমোথেরাপি গ্রহণ করেন তিনি। একপর্যায়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে জীবননগরের বাড়িতে ফিরে আসেন। পরবর্তী সময়ে তাঁর মাথায় সিস্ট ধরা পড়ে। এ অবস্থায় উন্নত চিকিৎসার প্রস্তুতি চলাকালে গত সেপ্টেম্বর মাসে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রে রিং পরানো হয়। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর অবশেষে গত ১ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য চীনে যান তিনি।
জীবনের এই কঠিন সময়ে চাষি রমজান আবেগঘন বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন। জীবনের পথচলায় কখনো কারও মনে কষ্ট দিয়ে থাকলে কিংবা অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল করে থাকলে তাঁকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। সবার ভালোবাসা, ক্ষমা ও আন্তরিক দোয়াকে সঙ্গী করে সুস্থ হয়ে দেশে ফিরতে চান এই সাংবাদিক।
সাংবাদিকতার পাশাপাশি কৃষিকাজেও রয়েছে তাঁর বিশেষ পরিচিতি। জীবননগর এলাকায় একজন পরিচিত ফল ও সবজি চাষি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন এবং কৃষির সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে গড়ে উঠেছে তাঁর নিবিড় সম্পর্ক। তার জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে আবারও নিজ এলাকা ও কর্মক্ষেত্রে ফিরে আসবেন তিনি।
চাষি রমজানের প্রত্যাশা, মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করবেন এবং চিকিৎসা শেষে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসার তৌফিক দেবেন। ক্যানসারের বিরুদ্ধে তাঁর এই কঠিন লড়াইয়ে সবার আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহমর্মিতা কামনা করেছেন তিনি।