অ্যাটর্নি জেনারেলের সাথে ক্রোয়েশীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ, আইনি সহযোগিতার আশ্বাস
বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্রোয়েশীয় সরকারের চার সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে ক্রোয়েশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয়, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ক্রোয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল নেনাদ ক্রেনাকের নেতৃত্বে প্রতিনিধিদলটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন ক্রোয়েশিয়ার অ্যাটর্নি আন্তে গ্রেলিক র‍্যাডমান এবং সফটেক ডেভেলপমেন্ট খাতের বোর্ড সদস্য পিটার জানিসিক।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে ক্রোয়েশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনি বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মতবিনিময় করেন এবং এসব বিষয়ে তাঁর সহযোগিতা কামনা করেন। অ্যাটর্নি জেনারেল তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধানে বাংলাদেশের প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় ক্রোয়েশীয় প্রতিনিধিদল বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের ক্ষেত্রে নিজেদের আগ্রহের কথা তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তাঁরা।
জবাবে অ্যাটর্নি জেনারেল ক্রোয়েশীয় প্রতিনিধিদলের এ আগ্রহকে স্বাগত জানান। তিনি তাঁদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেন। এ ছাড়া বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত কোনো আইনি জটিলতা দেখা দিলে তা নিরসনে আইনানুগ সীমার মধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *