যশোর বোর্ডের গড় পাসের হারের চেয়ে এগিয়ে জীবননগরের আন্দুলবাড়িয়া কলেজ পাশের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ

জীবননগর অফিস:

এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের গড় পাসের হারের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়িয়া কলেজ।২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৩ জন। সে হিসাবে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৭৪ শতাংশ।

অন্যদিকে,যশোর শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। বোর্ডের গড় পাসের হারের তুলনায় আন্দুলবাড়িয়া কলেজের পাসের হার ৩১ দশমিক ৮২ শতাংশ বেশি। সামগ্রিক ফলাফলে পিছিয়ে থাকার মধ্যেও প্রতিষ্ঠানটির এ সাফল্য স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে।

কলেজ সূত্রে জানা গেছে,এবছর মোট ৪৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৩ জন উত্তীর্ণ এবং ১০ জন অকৃতকার্য হয়েছে। ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন কলেজের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা।

কলেজটি ২০০৪ সালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিভৃত পল্লি আন্দুলবাড়িয়ায় এলাকার শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার প্রসার ও স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অভিভাবক সুজন মোল্যা বলেন,আমাদের সন্তানদের এইচএসসি পরীক্ষায় এমন ভালো ফল পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রম,শিক্ষকদের নিবেদিতপ্রাণ দিকনির্দেশনা এবং কলেজ পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা প্রশংসার দাবিদার।

আন্দুলবাড়িয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু বলেন,কলেজটি আমাদের এলাকার জন্য আশীর্বাদস্বরূপ।পরিচালনা কমিটির দায়িত্ব নেয়ার পর থেকেই কলেজের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষক-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এবার এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফল অর্জিত হয়েছে। সবার পরিশ্রম সার্থক হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত।

কলেজের অধ্যক্ষ এসএম এনায়েত উল্লাহ বলেন,শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং কলেজ পরিচালনা কমিটির সঠিক দিকনির্দেশনার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে শিক্ষার মানোন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ধারাবাহিক এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *