সিরাজুল ইসলাম,শৈলকূপা (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর ইউনিয়নের তাকতাপাড়া গ্রামের ফরিদা বেগম (২১) ও নিপা আক্তার (২৬)। তারা দুজনই বেদে সম্প্রদায়ের বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা ইসহাক হোসেন মঙ্গলবার পরিবারের সদস্যদের নিয়ে শৈলকূপা বাজারের পূবালী ব্যাংকে টাকা উত্তোলন করতে আসেন। ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে বের হওয়ার পর পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে ছিনতাইকারী চক্রের চার সদস্য তাকে ঘিরে ধরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ইসহাক হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রের দুই সদস্য পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা দুই নারী সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, জনতার হাতে আটক দুই নারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।