কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রভাবশালী সিন্ডিকেটের কারণে  ব্যাহত চিকিৎসা সেবা

আবু সাইদ শওকত আলী,ব্যুরোপ্রধান:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রভাবশালী একটি সিন্ডিকেটের কারণে প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে অবস্থান করা কয়েকজন কর্মচারী হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করে আসছেন। এতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা ও মানসিক চাপ।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি চাকরির প্রচলিত বদলি নীতি ও প্রশাসনিক নিয়ম উপেক্ষা করে হাসপাতালের কয়েকজন কর্মচারী ১২ থেকে ১৮ বছরেরও বেশি সময় ধরে একই কর্মস্থলে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন একই জায়গায় অবস্থানের সুযোগে তারা হাসপাতালের বিভিন্ন সেক্টরে প্রভাব বিস্তার করছেন। এমনকি সরকারের রাজস্ব আদায়ের অন্যতম খাত ইউজার ফি সংগ্রহেও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এ ছাড়া হাসপাতালের আর্থিক হিসাব-নিকাশ, বিভিন্ন বরাদ্দসংক্রান্ত নথিপত্র, প্রশাসনিক কাগজপত্র, অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বাইরে সরবরাহের অভিযোগও উঠেছে ওই চক্রের বিরুদ্ধে।
অনুসন্ধানে আরও জানা গেছে, নতুন কোনো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদান করলেই তাকে ঘিরে নানা ধরনের প্রশাসনিক জটিলতা তৈরির অভিযোগ রয়েছে। নতুন কর্মকর্তাদের ভুল তথ্য দেওয়া, বিভিন্ন অজুহাতে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা এবং নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে। কোনো জটিল পরিস্থিতি তৈরি হলে এর দায় নতুন কর্মকর্তাদের ওপর চাপিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এসব কারণে অনেক চিকিৎসক ও কর্মকর্তা এ হাসপাতালে যোগদান করতে অনাগ্রহ প্রকাশ করেন বলেও জানা গেছে।
এদিকে হাসপাতালের নারী চিকিৎসকদের উত্ত্যক্ত করা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগও উঠেছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। এতে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্প্রতি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দীন হায়দার। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের এই প্রভাবশালী চক্রের কারণে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক পরিবেশে দায়িত্ব পালন করতে পারছেন না। ফলে হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার পরিবেশ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *