আবু সাইদ শওকত আলী,ব্যুরোপ্রধান:
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ঝিনাইদহে শুরু হয়েছে অসময়ের বৃষ্টি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত থেকে জেলা শহরসহ বিভিন্ন গ্রামাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো একটানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।
সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় কাজে বের হওয়া মানুষ পড়েছেন বিড়ম্বনায়। বিশেষ করে দিনমজুর, রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকসহ নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে অনেককে ছাতা ও রেইনকোট নিয়ে চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও সড়কে পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে।
হঠাৎ বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে অনেক দিনমজুর কাজে যেতে পারেননি। আবার যারা জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন, তাদেরও পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
দিনমজুর আরশাফ আলী বলেন, “প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হই। কাজ পেলে সংসার চলে, না পেলে ধারদেনা করতে হয়। আজ বৃষ্টির কারণে কাজে যেতে পারিনি। এভাবে বৃষ্টি হলে আমাদের মতো দিনমজুরদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে।”
রিকশাচালক জিয়াউর রহমান বলেন, “সকালে রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কম। আবার বৃষ্টিতে ভিজে রিকশা চালাতেও কষ্ট হচ্ছে। আয় কমে যাওয়ায় পরিবারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি।”
ইজিবাইক চালক আশাদুল ইসলাম বলেন, “বৃষ্টির কারণে মানুষ খুব একটা বাইরে বের হচ্ছে না। রাস্তায় যাত্রীও কম পাওয়া যাচ্ছে। গাড়ি নিয়ে বের হলেও তেমন ভাড়া হচ্ছে না। প্রতিদিনের আয় দিয়েই সংসার চলে। তাই বৃষ্টি হলেও বাধ্য হয়ে রাস্তায় থাকতে হচ্ছে।”
এদিকে হঠাৎ বৃষ্টিতে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন কাজকর্মেও প্রভাব পড়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।