সিরাজুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আনোয়ারুল আজিম আনারের বাড়িতে গভীর রাতে পুলিশের অভিযানের ঘটনায় পরিবারের পক্ষ থেকে হয়রানি ও মানবিক মর্যাদা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগ, ২০২৪ সালের মে মাসে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর পর তাঁর স্ত্রী স্বামীহারা অবস্থায় কালীগঞ্জের নিজ বাড়িতে একাই বসবাস করছেন। তিনি হৃদ্রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত। এমন শারীরিক অবস্থার মধ্যেই গত রাতে ১২ থেকে ১৫ জন পুরুষ পুলিশ সদস্য ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালান।
অভিযোগ অনুযায়ী, পুলিশের সদস্যরা বাড়ির মরহুম আনোয়ারুল আজিম আনারের কক্ষ, পরিবারের অন্য সদস্যের কক্ষসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালান। এ সময় ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো করে তছনছ করা হয়। আকস্মিক এ ঘটনায় একা বসবাসরত অসুস্থ নারী আতঙ্ক ও মানসিক অস্বস্তির মধ্যে পড়েন বলে পরিবারের দাবি।
পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, একজন স্বামীহারা, অসুস্থ ও একাকী নারীর বাড়িতে গভীর রাতে এতসংখ্যক পুরুষ পুলিশ সদস্য পাঠিয়ে তল্লাশি চালানোর প্রয়োজনীয়তা কী ছিল? এ ধরনের অভিযানের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া, নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কি না, সে প্রশ্নও তুলেছেন তাঁরা।
পরিবারের বক্তব্য, কোনো আইনগত প্রয়োজনে তল্লাশি চালানোর প্রয়োজন হলে অবশ্যই আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা উচিত। কিন্তু একজন অসুস্থ, স্বামীহারা নারীর প্রতি ন্যূনতম মানবিক বিবেচনা কি করা হয়েছিল?
পরিবারের পক্ষ থেকে আরও প্রশ্ন তোলা হয়েছে, মরহুম আনোয়ারুল আজিম আনারকে ঘিরে এমন কী বিষয় রয়েছে, যার কারণে তাঁর বাড়িতে গভীর রাতে এ ধরনের অভিযান চালানো হলো?
পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা, দায়িত্বশীল কর্তৃপক্ষের জবাবদিহি এবং ভবিষ্যতে এমন হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।