বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে কোডিন ফসফেটযুক্ত উইন্সেরেক্স সিরাপের ১৯ বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ চান্দু মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁর স্ত্রী মোছাঃ আশানুর খাতুন (সুমি) পালিয়ে গেছেন বলে জানিয়েছে ডিএনসি।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত অভিযানসংক্রান্ত তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানাধীন গয়েশপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা চান্দু মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর নিজ দখলীয় বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের কক্ষে তল্লাশি করা হয়। কক্ষটি তাঁর শয়নকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। সেখানে খাটের নিচে মেঝেতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে কোডিন ফসফেটযুক্ত উইন্সেরেক্স সিরাপের ১৯ বোতল উদ্ধার করা হয়।
উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল। সে হিসাবে মোট উদ্ধার করা সিরাপের পরিমাণ এক হাজার ৯০০ মিলিলিটার বা ১ লিটার ৯০০ মিলিলিটার।
অভিযানকালে চান্দু মিয়াকে গ্রেপ্তার করা হলেও তাঁর স্ত্রী আশানুর খাতুন সুমি পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার চান্দু মিয়া জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ জয়নাল আবেদীন এবং মাতার নাম মৃত মাহিরন নেছা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সিরাপগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে সেগুলো মজুত করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।