জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা সিরাপের মালিকানা শনাক্ত না হওয়ায় তা আসামিবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে,গত শনিবার (২১ নভেম্বর) রাত ৮.১৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন জীবননগর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের ৬৭-এমপি পিলার থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর গ্রামের পাকা রাস্তার পাশের একটি ঝোপে তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জীবননগর বিওপির নায়েব সুবেদার মাইন উদ্দিন আহমেদ। নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ঝোপের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ (Fairdyl Syrup) পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে উদ্ধার করা সিরাপের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা সিরাপের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।