চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার নতুন আহ্বায়ক কমিটি গঠন

আব্দুর রাজ্জাক ফকির আহ্বায়ক, আজিম উদ্দিন ফকির সদস্য সচিব

বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে সাত সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
চুয়াডাঙ্গা শহরের সদর মনজিলে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আব্দুর রাজ্জাক ফকিরকে আহ্বায়ক এবং আজিম উদ্দিন ফকিরকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—রইস উদ্দিন শাহ, নওয়াব আলী শাহ, তৌহিদ মাস্টার, মনিরুজ্জামান ধিরু বাউল ও আলম হোসেন ফকির।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত।
সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্তির পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং বাউলশিল্পীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটি আপাতত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী ডিসেম্বর মাসে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। নতুন কমিটির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার বাউলশিল্পীদের ঐক্য সুদৃঢ় করা, তাঁদের স্বার্থ ও অধিকার সংরক্ষণ এবং বাউলসংগীতের চর্চা ও বিকাশে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাউলসংগীত বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই সংগীতধারার চর্চা অব্যাহত রাখা, বাউলশিল্পীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি এবং তাঁদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এ ধরনের সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এদিকে, নতুন আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় বাউল সম্প্রদায়ের প্রতি পাগল সম্প্রদায়, বাংলাদেশের পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন শ্যামল সাবরিয়া, পিএস, পাগল সম্প্রদায়, বাংলাদেশ। তিনি বাউল সম্প্রদায়ের ঐক্য, সমৃদ্ধি ও সাংগঠনিক অগ্রযাত্রা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *