চুয়াডাঙ্গা প্রতিনিধি:
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও উদযাপিত হলো বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করে চুয়াডাঙ্গা জেলা
প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়, চুয়াডাঙ্গা।
দিনের শুরুতে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি দোয়েল মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে সরকারি
কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরা
অংশ নেন। র্যালির ব্যানার, ফেস্টুন ও স্লোগানে ছিল মানসম্মত তথ্য ও পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে
সচেতনতামূলক বার্তা।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা পরিসংখ্যান
কার্যালয়ের উপপরিচালক, জেলা তথ্য অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন সরকারি
দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,“দেশের টেকসই উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভরযোগ্য
পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। মানসম্মত
পরিসংখ্যান না থাকলে উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। জনগণের জীবনের প্রতিটি ক্ষেত্রে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন,“ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রযাত্রায় সঠিক ও হালনাগাদ তথ্য ব্যবহারের বিকল্প নেই।
জেলা পরিসংখ্যান অফিসের তথ্য সংগ্রহে সঠিক সহযোগিতা প্রদানের মাধ্যমে আমরা উন্নয়নের সঠিক চিত্র তুলে ধরতে পারি।”
আলোচনা সভায় বক্তারা পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক ও মানসম্মত তথ্যই উন্নয়ন
পরিকল্পনার ভিত্তি। তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়াকে আরও আধুনিক,
স্বচ্ছ ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান
জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পরিসংখ্যান বিভাগের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন, যেখানে
জেলা পরিসংখ্যান কার্যালয় চুয়াডাঙ্গার বিভিন্ন উন্নয়ন তথ্যচিত্র ও ডেটা সিস্টেম প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও তথ্য
প্রযুক্তি প্রদর্শনী আয়োজন করা হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।