মহেশপুর বাগাডাঙ্গা ইউনিয়নে বিএনপির পথসভা: ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

মহেশপুর সংবাদদাতা:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় স্থানীয়, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পথসভায় প্রধান বক্তারা বলেন, নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। তারা দলীয় কোন্দল পরিহার করে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। বক্তারা দাবি করেন, গণসংযোগ জোরদার, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজীরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটান মাস্টার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল বাশার, বাগাডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নির্বাচনী লড়াই শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ। তারা নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং ভোটকেন্দ্রভিত্তিক কমিটি সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
পথসভাকে ঘিরে বাগাডাঙ্গা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা সরব হয়ে ওঠে। দলীয় স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রমে নির্বাচনী আবহ স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয় নেতাদের মতে, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী প্রচারণায় গতি সঞ্চার হয়েছে।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ দলীয় কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *