জীবননগর সীমান্তে ভারতে মাদকসহ বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশী

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের পর মাদক সংগ্রহ কালে দুই বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটকরা হলেন—জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সন্তো মন্ডলের ছেলে মো. রকো হোসেন  ওরফে রকো(৩৫) এবং একই গ্রামের মো. খোদা বকশ ওরফে খুদু মন্ডলের ছেলে মো. রাশিদুল ইসলাম  ওরফে দুলি(৩৬)।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশীকে আটক হওয়ার তথ্য পাওয়ার পরপরই বিজিবি বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে যোগাযোগের উদ্যোগ নিয়েছেন। বিএসএফ জানিয়েছে, আটক দুজন বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাদের বিরুদ্ধে ভারতের আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি,আটক রকো ও দুলি দীর্ঘদিন ধরে সীমান্তপথে মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতীয় সীমান্তে প্রবেশের পর মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে কী পরিমাণ ও কী ধরনের মাদক জব্দ করা হয়েছে—সে বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি।

সীমান্তবর্তী এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু চক্র সীমান্তকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক আনা-নেয়ার সঙ্গে যুক্ত রয়েছে। এতে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয়রা সীমান্তে টহল জোরদার ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে নিয়মিত টহল,গোয়েন্দা নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিজিবি ও বিএসএফের মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার পর থেকে আটককৃতদের পরিবারের পক্ষ থেকে বিজিবির সাথে আলোচনা করা হয়েছে। তবে তারা ভারতে কি অবস্থায় আছে তা আটককৃতদের পরিবার এখনও নিশ্চিত নয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *