ঝিনাইদহে ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিতে জেলা ও শহর শাখার নেতাকর্মীরা অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান, শহর ছাত্রশিবিরের সভাপতি শেখ আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর শিবিরের অর্থ সম্পাদক আল মামুন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির আদর্শভিত্তিক ছাত্ররাজনীতি, নৈতিকতা ও মেধাচর্চাকে গুরুত্ব দিয়ে আসছে। তারা শিক্ষাঙ্গনে সহিংসতা ও অনিয়মমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি দূরীকরণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
তারা আরও বলেন, দেশ ও জাতির সামগ্রিক কল্যাণে শিক্ষার্থীদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। এ লক্ষ্যে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *