নারী ভোট নিয়ে প্রতিপক্ষের দাবিকে ‘ভুয়া’ আখ্যা প্রার্থীর
জীবননগর অফিস:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপিও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে জীবননগরে এক কিলোমিটার ব্যাপী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আয়োজিত এ মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা জানা গেছে।
বিকেল গড়ানোর সাথে সাথে জীবননগর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক সম্বলিত পতাকা নিয়ে মিছিলকারীরা জীবননগর মুক্তমঞ্চ থেকে যাত্রা শুরু করেন। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জীবননগর স্টেডিয়ামে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পুরো শহর জুড়ে স্লোগানে মুখরিত ছিল এলাকা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন,আমাদের সুশৃঙ্খল থাকতে হবে এবং আইন মেনে চলতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাই দলে দলে ভোটকেন্দ্রে যাবেন। আমি আমার ভোট দেব,অন্যরা যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারেন সে পরিবেশ নিশ্চিত করতে আমরা সহযোগিতা করব।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় কিছু পক্ষ পরোক্ষভাবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন,কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি দেয়, তাহলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। আমাদের দায়িত্ব হবে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখা।

ভোটকেন্দ্রের পাশে দলীয় ক্যাম্পে অবস্থান প্রসঙ্গে বিএনপির এ প্রার্থী বলেন, অবস্থান মানে কোনো ধরনের হাঙ্গামা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়;বরং নির্বাচনকে উৎসবমুখর রাখা এবং ভোটারদের সহযোগিতা করা।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,আমাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে তারা আমাদের শত্রু নয়। একই সাথে তিনি প্রতিপক্ষের একটি প্রচারণার সমালোচনা করে বলেন,নারী ভোটাররা নাকি তাদের ভোট দিয়ে দিয়েছেন,এ কথা ভুয়া। যদি নারীর ক্ষমতায়নে বিশ্বাস থাকত,তবে ৩০০ আসনের মধ্যে তারা অন্তত একজন নারীকে মনোনয়ন দিতেন।
সমাবেশে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ মিল্টন,জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র আরশাফুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি খোকন খান ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর।

এসময় উপস্থিত ছিলেন,জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফি,সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন চুন্নু, সহ-সভাপতি তাজুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন,সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচনকে কেন্দ্র করে জীবননগরে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। বিভিন্ন দল ও প্রার্থীরা নিয়মিত গণসংযোগ,সভা-সমাবেশ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি এখন ভোটারদের প্রধান প্রত্যাশা।