নির্বাচন সামনে রেখে জীবননগরে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল ও উন্নয়নের প্রতিশ্রুতি

জীবননগর অফিস:-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমীনের উদ্যোগে জীবননগরে শেষ নির্বাচনী গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শহরে ব্যাপক সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণমিছিলটি জীবননগর থানা মডেল (পাইলট) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জীবননগর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন জানান। শহরের বিভিন্ন এলাকায় মিছিলকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে জীবননগর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমীন। তিনি বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন, চাঁদাবাজির বিরুদ্ধে নির্বাচন, দখলদারিত্বের বিরুদ্ধে নির্বাচন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।” তিনি আরও বলেন, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে জনগণ একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি জীবননগর উপজেলার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তার বক্তব্যে রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ-মন্দির সংস্কার, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন, যুবসমাজকে সম্পৃক্ত করতে জীবননগর স্টেডিয়ামকে কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা মানুষের ঘর ভাঙার রাজনীতি করি না; মানুষের ঘর বানানো ও শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি।”
তরুণ ভোটারদের উদ্দেশে রুহুল আমীন বলেন, প্রথমবারের ভোটাররা যেন বিবেচনা করে ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি দলীয় প্রতীকের পক্ষে ভোট চান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সভায় জীবননগর উপজেলা জামায়াত, যুব জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *