প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশেষ প্রতিনিধি:-

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজ রাজধানীর জাতীয় সংসদ ভবনে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন লোকসভা স্পিকার। তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মো: রিয়াজ হামিদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতীয় স্পিকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশ সরকারের প্রতি ভারতের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক ভবিষ্যতে আরও জনমুখী ও ফলপ্রসূ হবে। বিশেষ করে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়।

হাইকমিশনারের ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নেও পারস্পরিক সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফরে আসে। অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন তিনি। এই সফরকে দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সূচনালগ্নে এই কূটনৈতিক যোগাযোগ দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নির্ধারণে ইতিবাচক বার্তা বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *