জীবননগর অফিস:-
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৩০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত প্যাকেজে চাল, ডাল, তেল, আলু, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য অন্তর্ভুক্ত ছিল, যা একটি পরিবারের কয়েকদিনের খাদ্যচাহিদা পূরণে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।
সংস্থার নির্বাহী সদস্য ও সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন আতিয়ার রহমান, ওসি (তদন্ত) রিপন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আখতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার এবং এবলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এ মাসে সমাজের সচ্ছল মানুষের উচিত অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে সাব্বির সামি মুহিত বলেন, রমজানের চেতনা হলো আত্মশুদ্ধি ও মানবকল্যাণ। সেই অনুপ্রেরণা থেকেই সংস্থাটি দেশব্যাপী পর্যায়ক্রমে এক লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। জীবননগরে তারই অংশ হিসেবে ৩০০ পরিবারের মাঝে সহায়তা দেওয়া হলো। তিনি জানান, প্রকৃত উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তা নেওয়া হয়েছে, যাতে সহায়তা সঠিক ব্যক্তির হাতে পৌঁছায়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সারা দেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার সুরক্ষা এবং জরুরি ত্রাণ সহায়তাসহ প্রায় ৩০টি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থাটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
উপকারভোগীদের অনেকে জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজানে পরিবারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনে। তারা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।