জীবননগর অফিস:
জীবননগর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন আবাদ মৌসুমকে সামনে রেখে সারের সরবরাহ, মূল্য স্থিতিশীলতা এবং কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম তদারকির লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সভার শুরুতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-এর জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন।
সভায় বক্তারা বলেন, চলতি মৌসুমে কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে সার ও মানসম্মত বীজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি। কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য প্রশাসন, কৃষি বিভাগ ও ডিলারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, মজুতদারি কিংবা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
সভায় জানানো হয়, কৃষকদের যেন ন্যায্যমূল্যে সার সংগ্রহে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং ও হঠাৎ পরিদর্শন কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি প্রকৃত কৃষকের কাছে কৃষি প্রণোদনা যথাযথভাবে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে তালিকা যাচাই-বাছাই ও স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া সারের মজুত পরিস্থিতি, চাহিদা ও সরবরাহের পর্যালোচনা করে প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত চাহিদাপত্র পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিসিআইসি ও বিএডিসি ডিলারদের সঙ্গে মতবিনিময় করে মাঠপর্যায়ের বাস্তব সমস্যা ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, বিসিআইসি ও বিএডিসি ডিলার এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।