আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

দেশের ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নতুন যোগদানকৃত চিকিৎসকদের জন্য ঝিনাইদহ জেলায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

উক্ত প্রোগ্রামে জেলার ছয়টি উপজেলায় নবযোগদানকৃত মোট ৩৯ জন চিকিৎসক অংশ নেন। ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল নতুন চিকিৎসকদের ঝিনাইদহ জেলার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে পরিচিত করা, প্রশাসনিক কার্যক্রম বোঝানো এবং স্বাস্থ্যসেবা প্রদানে তাদের দায়িত্ব ও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা।

সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ কামরুজ্জামান, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তারা।

ডা. কামরুজ্জামান নবযোগদানকৃত চিকিৎসকদের স্বাগত জানিয়ে বলেন, “আপনাদের দায়িত্ব শুধু রোগীর চিকিৎসা করা নয়, বরং রোগীর সঙ্গে সহানুভূতিশীল আচরণ বজায় রেখে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। আপনাদেরকে অভিভাবকের মতো দায়িত্বশীল হতে হবে।”

জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ তার বক্তব্যে বলেন, “চিকিৎসা পেশা একটি মহান দায়িত্ব। রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে সেবা প্রদান করা উচিত। জেলা প্রশাসন সর্বদা স্বাস্থ্য বিভাগের পাশে থাকবে।

আমরা আশা করি নতুন চিকিৎসকবৃন্দ ঝিনাইদহের জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন।”

প্রোগ্রামের শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

চিকিৎসকরা জনগণের সেবায় সর্বোচ্চ প্রতিশ্রুতি প্রদান করেন এবং জেলা স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবযোগদানকৃত চিকিৎসকদের ঝিনাইদহ জেলার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ পরিচয় ঘটানো হলো, যাতে তারা দক্ষ ও দায়িত্বশীলভাবে স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *