
জীবননগর অফিস:-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আফজাল হোসেন ফাউন্ডেশন। সমাজের নিম্নআয়ের পরিবারগুলোর মুখে ঈদের হাসি ফোটাতে প্রতিবছরের ন্যায় এ বছরও এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হক,সহ-সভাপতি রফিকুল ইসলাম(পচা) এবং সদস্য আব্দুল হান্নান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ।
আয়োজক সূত্রে জানা যায়,এ বছর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বাছাইকৃত,অসচ্ছল,বিধবা,প্রতিবন্ধী ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল চাল, ডাল,তেল,চিনি,সেমাইসহ ঈদকে ঘিরে প্রয়োজনীয় নিত্যপণ্য। স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে তালিকা অনুযায়ী উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
প্রধান অতিথি শাহজান কবীর তার বক্তব্যে বলেন,এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তিনি ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হক বলেন,আমরা শুধু ঈদেই নয়, সারা বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকি। প্রাকৃতিক দুর্যোগ—যেমন বন্যা, ঘূর্ণিঝড় বা শীতকালীন দুর্ভোগের সময়ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।উপকারভোগীরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য,আফজাল হোসেন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে জীবননগর এলাকায় শিক্ষা সহায়তা,ত্রাণ বিতরণ,শীতবস্ত্র প্রদান ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির নিয়মিত মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।