জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আইজেল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জীবননগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিজ বাড়িতে অবস্থান কালে আইজেল হোসেনের কোমরে বাঁধা অবস্থায় ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) সারণির ১৬ নম্বর ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আটক ব্যক্তি পূর্বেও একাধিক মাদক মামলায় গ্রেপ্তার ও কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে সীমান্তবর্তী বিভিন্ন রুট দিয়ে মাদক সরবরাহের সাথে জডিড়ত থাকার অভিযোগ রযেছে।
স্থানীয়রা মাদকবিরোধী অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত তদারকি ও কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে,মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।