ঝিনাইদহ-৩ আসনের এমপির হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক: অর্থ লেনদেনে সতর্ক থাকার আহ্বান

আবু সাঈদ শওকত আলী:-
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান–এর ব্যক্তিগত WhatsApp আইডি হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় তার পরিচয়ে প্রতারণামূলক বার্তা বা অর্থ লেনদেনের চেষ্টা হতে পারে—এমন আশঙ্কায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে এমপি মতিয়ার রহমান জানান, তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি বর্তমানে তার নিয়ন্ত্রণে নেই। তিনি আশঙ্কা প্রকাশ করেন, হ্যাকাররা তার পরিচয় ব্যবহার করে পরিচিতজন, দলীয় নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠাতে পারে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ দাবি করতে পারে।
এ বিষয়ে তিনি বলেন, “আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আইডিটি হ্যাক হয়েছে এবং এটি বর্তমানে আমার নিয়ন্ত্রণে নেই। আমার নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের আর্থিক লেনদেন, বিকাশ বা নগদের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ করে, তাহলে অনুগ্রহ করে কেউ সাড়া দেবেন না এবং বিষয়টি যাচাই না করে কোনো লেনদেন করবেন না।”
ঘটনাটি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বিষয়টি জানানো হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে দ্রুত আইডিটি পুনরুদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিটের সহায়তা চাওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং অ্যাপ ব্যবহার করে প্রতারণার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এ ধরনের ঘটনায় অপরিচিত বা সন্দেহজনক বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো পরিচিত ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে হঠাৎ অর্থ চাওয়া হলে তা যাচাই না করে লেনদেন করা উচিত নয়। সন্দেহজনক কোনো বার্তা পেলে দ্রুত সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সংসদ সদস্যের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হওয়ার ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিষয়টির সমাধান এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *