জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুটিয়া পূর্বপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার সুটিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দলটি ওই গ্রামের শহর বানুর(৪৪)নিজ বসতবাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে বাড়িটির উত্তর ভিটায় অবস্থিত দক্ষিণমুখী টিনের বেড়া ও টিনের ছাউনি দিয়ে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট বসতঘরের পশ্চিম পাশের কক্ষে একটি চৌকির ওপর রাখা তোষকের ভেতর থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১০০ (একশত) গ্রাম, যার বর্তমান বাজার মুল্য ৪ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত সহর বানুকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন।আটককৃত মোছাঃ শহর বানু (৪৪) সুটিয়া পুর্বপাড়ার মোহাম্মদ খাঁর কন্যা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।