চুয়াডাঙ্গায় হারানো মোবাইল ও প্রতারণার অর্থ উদ্ধার, ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের হাতে তুলে দেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা জেলা।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার ঘটনায় হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মডেলের মোট ২৮টি স্মার্টফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। এসব অপরাধ দমনে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি সাধারণ জনগণকে মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এ উদ্যোগে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *