জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের বিশেষ সহায়তা কর্মসূচি ভিজিএফ (VGF) এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১০ টার দিকে হাসাদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদের আগে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকারের এই উদ্যোগ স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস। এ সময় তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে,যাতে করে ঈদ উপলক্ষে কোনো অসহায় পরিবার খাদ্য সংকটে না পড়ে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়নের ট্যাগ অফিসার আলমঙ্গীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত আলী,হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু, আরেফিন ও হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আল আমিন, সংরক্ষিত নারী সদস্য শাপলা খাতুন, ছালমা খাতুন ও লিপি খাতুন, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী জসিম উদ্দীন, কম্পিউটার অপারেটর নাছরুল ইসলাম বাবুসহ গ্রাম পুলিশ সদস্যরা।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছর ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর মাধ্যমে ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারগুলো ঈদের সময় কিছুটা হলেও খাদ্য সহায়তা পেয়ে থাকে।
স্থানীয় উপকারভোগীরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে তাদের পরিবারের খাদ্য সংকট অনেকটাই লাঘব হবে।