ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা: কয়েকটি বিভাগে বাড়তে পারে ঝড়-বৃষ্টির তাণ্ডব

বিশেষ প্রতিনিধি:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ বা ২১ মার্চ ঈদ উদযাপিত হতে পারে। তবে এই সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে ও পরে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য ঈদের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী,ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঈদের দিন কালবৈশাখী ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ১৮ মার্চ সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা ও উৎসব উদযাপনের সময় ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *