চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সঙ্গে জেলার সকল থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন ও অপারেশন) এবং ক্যাম্প ইনচার্জদের অংশগ্রহণে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই। সভার শুরুতে তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পর্যায়ক্রমে পরিচিত হন এবং কুশল বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল,পেশাদার ও জনমুখী করার লক্ষ্যে তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন,পুলিশ জনগণের বন্ধু,এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে হলে পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং সমন্বিতভাবে কাজের মাধ্যমে জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন থানার ইন্সপেক্টর ও ক্যাম্প ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।