কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান

বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে প্রেরিত শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) বেলা ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দেন। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এই ত্যাগ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শহীদ পরিবারের কল্যাণে বাংলাদেশ পুলিশ সবসময় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ আয়োজনের মাধ্যমে শুধু উপহার প্রদানই নয়, বরং শহীদ পরিবারের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়বদ্ধতার একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের সদস্যদের মানসিকভাবে অনুপ্রাণিত করবে এবং তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, প্রতিবছরই ঈদসহ বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে বাংলাদেশ পুলিশ শহীদ সদস্যদের পরিবারকে স্মরণ করে থাকে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *