জীবননগর পিয়ারাতলায় ড্রাগন বাগান ধ্বংসের মামলায়  আসামি সাব্বির গ্রেফতার

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকায় ড্রাগন বাগান কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবননগর থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সবুর। পুলিশ জানায়, সাব্বিরকে তার নানির বাড়ি বাঁকা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের একটি দল তার সঙ্গে ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির পেয়ারাতলা পশ্চিম পাড়ার বাসিন্দা ফারুকের ছেলে। তার বিরুদ্ধে ড্রাগন বাগান ধ্বংসের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে পেয়ারাতলা এলাকার সাবেক ইউপি সদস্য রিপন মন্সুরের ড্রাগন বাগানের প্রায় ১২০০ থেকে ১৩০০ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় রিপন মন্সুর বাদী হয়ে জীবননগর থানায় সাব্বির এবং তার মামা দেওয়ানপাড়া এলাকার শহিদুল দেওয়ানের ছেলে নাজমুল দেওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসীর একাংশের অভিযোগ, গ্রেফতারকৃত সাব্বির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
জীবননগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *