অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লায় অবস্থিত লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিনের শুরুতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ তানভীর হাসান, পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাঃ মোঃ মাজেদুল হক, সহকারী পরিচালক (উন্নয়ন) মোঃ তানজিম হুসাইন, রিন্টু দাস ও উইলিয়াম মন্ডল।
আলোচকবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ডাঃ বিশ্বাস রাজীব কিশোর বলেন, স্বাধীনতার ঘোষণার পর বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তিনি আরও বলেন, স্বাধীনতা কেবল একটি পতাকা বা ভূখণ্ড নয়—এটি অধিকার, ন্যায়বিচার, সমতা ও উন্নয়নের প্রতীক।
তিনি জানান, একটি উন্নত ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি স্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতে দক্ষ জনশক্তি তৈরি করে যাচ্ছে। প্রশিক্ষিত শিক্ষার্থীরা সততা, দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে, মহান স্বাধীনতা দিবসে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।