আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৫। ১৯৬৯ থেকে ২০২৬ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে ফাইনালে ২০১৫ সালের এসএসসি ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮ সালের এসএসসি ব্যাচ।
রোববার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাজেদুল ইসলাম মাজু। পরে গভীর রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খুরশিদ আলম মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রবীর কুমার ভৌমিক, ঝিনাইদহ সরকারি নূরুন নাহার মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সনজিত কুমার ভৌমিক, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক আশিষ কুমার, ব্যবসায়ী রবিন কুমার ঘোষসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আয়োজক কমিটির সভাপতি বিল্লাল হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে এই ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ২০২২ সাল থেকে শুরু হওয়া এ আয়োজন এখন এলাকাবাসীর কাছে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলা গভীর রাত পর্যন্ত উপভোগ করা হয়।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন, “এ ধরনের আয়োজন এলাকায় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করছে। মোটরসাইকেল রেসিংয়ের পরিবর্তে তারা এখন খেলাধুলায় আগ্রহী হচ্ছে, যা অত্যন্ত আনন্দের।”
তিনি আরও জানান, অতীতের মতো ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজনের পাশে থাকবেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। উল্লেখ্য, বিষয়খালী অঞ্চলে পঞ্চমবারের মতো এ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।