ঝিনাইদহে ২৪ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ সমাপ্ত

অপুদাস,ঝিনাইদহ প্রতিনিধি:-

বিশ্ব শান্তি ও মানবকল্যাণের প্রার্থনায় ঝিনাইদহে অনুষ্ঠিত হলো ২৪ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ। জেলার সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী নিতাই গৌর রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানটি ছিল ভক্তদের মিলনমেলায় পরিণত হওয়া এক আধ্যাত্মিক আয়োজন।

গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় শুরু হওয়া অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ সোমবার (৩০ মার্চ) রাতে সমাপ্ত হয়। এটি ছিল এ আয়োজনের ৬ষ্ঠ বার্ষিক পর্ব, যেখানে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাউসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার, ঝিনাইদহ কেন্দ্রীয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আহ্বায়ক পরিতোষ কুমার ঘোষ এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব বিজন কুমার ঘোষ।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক দীপংকর ঘোষ। এতে সভাপতিত্ব করেন শ্রী গৌতম কুমার ঘোষ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শ্রী রবিণ খাঁ।

এবারের মহা নামযজ্ঞে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নামসাধু সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল— নেত্রকোনা থেকে শ্রী শ্রী নব নারায়ন সম্প্রদায়, সাতক্ষীরা থেকে পার্থ সারথী সম্প্রদায়, খুলনা থেকে শ্রী শ্রী কৃষ্ণা অষ্টসখী সম্প্রদায়, যশোর থেকে শ্রী শ্রী পথের পাগল সম্প্রদায় এবং মাগুরা থেকে মা দূর্গা সম্প্রদায়। স্বাগতিক হিসেবে অংশ নেয় শ্রী শ্রী নিতাই গৌর রাধা গোবিন্দ সম্প্রদায়।

গোপিনাথপুর সর্বজনীন নামযজ্ঞ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখা।

আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, শান্তি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *