জীবননগর আন্দুলবাড়ীয়ায় সরকারি রাস্তা দখলের অভিযোগ ভোগান্তিতে ৪১ পরিবার

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজারপাড়া এলাকায় একটি সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।এ ঘটনায় অন্তত ৪১টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের নামে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি রাস্তা রেজিস্ট্রি করা হয়েছিল। রাস্তাটিতে হেরিং ইট বসানো ছিল এবং বহু বছর ধরে স্থানীয়রা নির্বিঘ্নে এটি ব্যবহার করে আসছিলেন।
তবে অভিযোগ রয়েছে, গত ৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে একই এলাকার বাসিন্দা খুদা বক্সের ছেলে মো. ইব্রাহীম হোসেন পূর্বের রাস্তার ইট তুলে পাশের জমিতে সরিয়ে নেন। পরবর্তীতে সেখানে প্রায় সমদৈর্ঘ্যের হলেও মাত্র ৩ ফুট প্রস্থের একটি সরু পথ তৈরি করা হয়।
এতে পূর্বের প্রশস্ত রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় এলাকাবাসীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, ভ্যানগাড়ি, অ্যালমসাধু ও অন্যান্য ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, ফলে নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে মহল্লাবাসীর পক্ষে অভিযোগকারী মো. আব্দুস সালাম বলেন,দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা ব্যবহার করে আসছি। হঠাৎ করে রাতের আঁধারে রাস্তা সরিয়ে নেওয়ায় আমাদের চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। আমরা দ্রুত আগের অবস্থায় রাস্তা পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানা সম্ভব হয়নি। স্থানীয়রা বলছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তারা জনস্বার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইব্রাহিম হোসেন রাতের আধারে সরকারি রাস্তার ইট তুলে রাস্তা চলাচলের অনুপযোগী করে। অনেক ইটের কোন হদিস পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *