জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাগজপত্রহীন মোটরসাইকেল চালককে জরিমানা

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে দুই মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার একটি তেল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাম্পে তেল নেওয়ার জন্য অপেক্ষমাণ মোটরসাইকেলগুলোতে কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।

যাচাইয়ের সময় দুইজন চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তাদের মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে তেল পাম্প ও এজেন্সি পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *